কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আরও ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (১২ অক্টোবর) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালিত হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লা নগরীসহ জেলার ১৮টি থানা এলাকায় সংশ্লিষ্ট থানা ও জেলা ডিবি পুলিশের কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান শুরু হয়। এরই মধ্যে সর্বশেষ রবিবার গভীর রাত পর্যন্ত ৭ দফা পৃথক অভিযানে আটক করা হয়েছে দুই হাজার ৬৫২ জনকে। এর আগে ৬ দফা অভিযানে আটকদের মধ্যে ৯১৪ জনকে আদালতে সোপর্দ এবং যাচাই-বাছাই করে মুচলেকা নিয়ে এক হাজার ৩৮৫ জনকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। মুচলেকা নিয়ে যাদের ছেড়ে দেওয়া হয়েছে তাদের অধিকাংশই ছাত্র।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান জানান, রোববার রাতে আটকদের যাচাই বাছাই চলছে, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে শুধু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষ্য, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
_1791805694.jpg&w=1440&q=75)