১৪ মিনিট আগে
সর্বশেষ আপডেট: ১৪ মিনিট আগে
দুর্গাপূজার ছুটিতে কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়। ছবি: স্টার
কক্সবাজারের হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন। সাগর থেকে আরেক পর্যটককে জীবিত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বিকেল পাঁচটার দিকে হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন অফিসার দোলন আচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দুই দল পর্যটক সাগরে গোসলে নেমেছিলেন। এক দল এসেছিলেন চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে, অন্য দলটির ঢাকার উত্তরার।’
তিনি আরও বলেন, ‘আমরা তিন জনের মৃতদেহ উদ্ধার করেছি। শুরুতে জানানো হয়েছিল যে আরও তিনজন নিখোঁজ। পরে একজনকে জীবিত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন।’
তবে নিহত, নিখোঁজ ও উদ্ধার ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
