সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ফেনী জেলা ছাত্রদলের অন্তর্গত দুই স্থানীয় নেতাকে নিজ নিজ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন, সোনাগাজী বক্তারমুন্সি ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন রবিন, বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রায়হান।
১৬ অক্টোবর (শুক্রবার) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের এই দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো। জানা যায়, মাদক সেবনের সাথে জড়িত থাকার সত্যতা প্রমাণিত হওয়ায় তাদেরকে বহিষ্কার করা হয়।
ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
