রাজধানীর বনানী থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারের এক দিন আগে দুর্গাপূজার অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর পেছনে তার দাঁড়িয়ে থাকার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, দীর্ঘদিন আড়ালে থাকার পর দুর্গাপূজার একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে। ওই ছবি ফেসবুকে প্রকাশ করে প্রশ্ন তোলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক নেতা তানজীব সারোয়ার। তার স্ট্যাটাসটি চুয়াডাঙ্গাসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন দিলীপ আগরওয়ালা। এর একদিন পর রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ওই ফেসবুকে স্ট্যাটাস তানজীব সারোয়ার লেখেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পিছনে শুধু হাঁসি দিয়ে সুন্দর একটি পোজ দিয়ে ছবি তুললেন চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়া, ও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করা কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ডায়মন্ড ওয়ার্ল্ড মালিক দিলীপ কুমার আগরওয়ালা।’
বিজ্ঞাপন
স্ট্যাটাসের শেষে তিনি প্রশ্ন তোলেন, ‘এটা কীভাবে সম্ভব? আমার তৃণমূল কী মেসেজ পাচ্ছি?’
ওই স্ট্যাটাসে দিলীপ আগরওয়ালার রাজনৈতিক পরিচয় ও স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়। স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চুয়াডাঙ্গাসহ আশপাশের এলাকা এবং দেশের বিভিন্ন স্থানে তাকে নিয়ে আলোচনা শুরু হয়। দীর্ঘদিন আড়ালে থাকার পর এমন অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়েও অনেকে মন্তব্যের ঘরে কৌতূহল প্রকাশ করেন।
ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দায়ের করা মামলার সূত্রে বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছিল র্যাব। পরে তিনি সবকটি মামলায় জামিনে মুক্তি পান।
সর্বশেষ গতকাল সিআইডির মামলার সূত্রে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
বিজ্ঞাপন
তবে দুর্গাপূজার অনুষ্ঠানে তার উপস্থিতির ছবি ভাইরাল হওয়া এবং গ্রেফতারের মধ্যে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে—এমন তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানা যায়নি।
১৯৬৮ সালে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকার এক ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন দিলীপ কুমার আগরওয়ালা। তার বাবা অমিয় কুমার আগরওয়ালাও ছিলেন স্বনামধন্য ব্যবসায়ী। বর্তমানে দিলীপ আগরওয়ালা চুয়াডাঙ্গা জেলা শহরের সিনেমা হলপাড়ার বাসিন্দা। তার দাদার প্রতিষ্ঠিত রুপচ্ছায়া সিনেমা হল, যা বর্তমানে পান্না সিনেমা হল নামে পরিচিত, সেখানেই তিনি ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত স্থায়ীভাবে বসবাস করতেন।
হুসাইন মালিক/কেএইচকে/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
