নীতি টেলর
-->হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ নীতি টেলর। ‘গুলাম’, ‘বড়ে অচ্ছে লগতে হ্যায়’ এবং ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়াঁ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
জানিয়েছেন, কীভাবে প্রাক্তন প্রেমিকের হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি।
নীতি জানান, সম্পর্কে থাকাকালীন তার প্রাক্তন প্রেমিক প্রায়ই পোশাক নিয়ে আপত্তি জানাতেন। শুধু তাই নয়, কখন কোথায় যাচ্ছেন, কী করছেন, সবকিছুর উপরেই নজর রাখতেন তিনি। বয়স কম থাকায় প্রেমের টানে নীতিও নিজের প্রতিটি পদক্ষেপের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেন প্রেমিককে।
সাক্ষাৎকারে সেই রাতের কথা বলতে গিয়ে নীতি জানান, প্রাক্তন প্রেমিকের জন্মদিনের পার্টিতে গিয়ে অস্বস্তি বোধ করছিলেন তিনি। তাই বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। তার বন্ধুরা গাড়িতে অপেক্ষা করছিলেন। কিন্তু বাড়ি ফেরার আগে প্রেমিককে বিদায় জানাতে গিয়েই ঘটে বিপত্তি।
নীতি বলেন, ‘সেদিনের পরিবেশ আমার মোটেই ভালো লাগছিল না। অস্বস্তি হওয়ায় বন্ধুদের নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিই। আমার বন্ধুরা গাড়িতে গিয়ে অপেক্ষা করছিল। কিন্তু আমি তখন প্রেমিককে বিদায় জানাতে গিয়েছিলাম। এরপরই ঘটে সেই চরম ঘটনা।’
অভিনেত্রী বলেন, ‘আমার প্রাক্তন আমাকে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার অনুমতি দেওয়া তো দূরঅস্ত! পালটা চিৎকার-চেঁচামেচি শুরু করে। শুধু তাই নয়, বাড়ির বাইরে পরিস্থিতি আরও চরমে ওঠে তখন, যখন আমার হাত ধরে টানাটানি শুরু করেছিল। কথার মাঝেই আমাকে ধাক্কা দেয় এবং চড় মারে। আবাসনের সিসি ক্যামেরাতেও সেই ঘটনা ধরা পড়েছিল।’
পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত বন্ধুরাই নীতিকে সেখান থেকে উদ্ধার করেন। কিন্তু সেখানেই শেষ হয়নি নির্যাতনের ঘটনা।
অভিনেত্রীর দাবি, পরবর্তী সময়ে তার হাতে সিগারেটের ছ্যাকা দেন তৎকালীন প্রেমিক।
