ভারত থেকে আমদানি করা নতুন প্রজন্মের আধুনিক ও উন্নত প্রযুক্তির ১৮টি লিংকে হফম্যান বুশ (এলএইচবি) রেলকোচ বাংলাদেশে পৌঁছেছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ভারতের পাঞ্জাবের কাপুরথালা রেলকোচ কারখানা থেকে তৈরি হয়ে গত ১২ আগস্ট এসব কোচ বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে কোচগুলো পশ্চিমবঙ্গের রানাঘাট রেলস্টেশন থেকে বাংলাদেশে পৌঁছেছে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মামুনর রশিদ জানান, দর্শনা স্টেশনে পৌঁছানোর পর কোচগুলোর প্রাথমিক পরিদর্শন, শুল্কসংক্রান্ত ছাড়পত্রসহ (কাস্টমস ক্লিয়ারেন্স) প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হবে। নিরাপত্তা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে প্রাথমিক সংযোগ স্থাপন, কার্যক্ষমতা পরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করার পর কোচগুলো যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করা হবে।
বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন কোচ যুক্ত করার অংশ হিসেবে ভারতের রাইটস লিমিটেডের মাধ্যমে এসব কোচ সংগ্রহ করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহ চুক্তির আওতায় প্রথম চালানে এসেছে চার ধরনের ১৮টি কোচ। এর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, দুটি এসি স্লিপার কোচ এবং দুটি এসি পাওয়ার কার। পাওয়ার কারগুলোতে গার্ডদের জন্য পৃথক কামরা এবং যাত্রীদের মালামাল বহনের ব্যবস্থা রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভারতের রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস লিমিটেডের (রাইটস) সম্পাদিত চুক্তি অনুযায়ী, বাংলাদেশকে পর্যায়ক্রমে মোট ২০০টি ব্রডগেজ এলএইচবি রেলকোচ সরবরাহ করবে ভারতের এই প্রতিষ্ঠানটি। আজকের এই ১৮টি রেলকোচ সেই চুক্তির আওতায় আসা প্রথম চালান।
