সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির) সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১২ টায় বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন সামাজিক অপরাধের কুফল ও প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন।
আলোচনায় ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সচেতনতা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ইভটিজিং, মাদকাসক্তি ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা থেকে দূরে থাকার পাশাপাশি এসব অপরাধ প্রতিরোধে সচেতন নাগরিক হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সামাজিক অপরাধ সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
শিক্ষার্থীদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
