নিজস্ব প্রতিবেদক
মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যশোরের ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ‘ঐতিহাসিক যুব ম্যারাথন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টায় ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠ থেকে ম্যারাথন দৌড় শুরু হয়। অংশগ্রহণকারীরা যশোর-বেনাপোল মহাসড়কের হাজিরালী মোড় প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মোড়ে এসে ম্যারাথন শেষ করেন। এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক যুবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ম্যারাথন শেষে ঝিকরগাছা উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আবিদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ রেজাউল ইসলামের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মোসলেম উদ্দিন ফরিদ। বক্তব্যে তিনি যুবসমাজকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়তে যুবসমাজকে নৈতিকতা, আত্মশৃঙ্খলা ও খাঁটি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ এবং পৌর আমির আব্দুল হামিদ।
এ সময় উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যুব ও ক্রীড়া বিভাগের নেতাকর্মী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
