নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জাতীয় রুফটপ সোলার কৌশলপত্র বাস্তবায়নে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মাৎ জোহরা খাতুন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সৌরবিদ্যুৎভিত্তিক ব্যবস্থা স্থাপনের অগ্রগতি, গুরুত্ব ও বাস্তবায়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুমিল্লা অঞ্চলের বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী শেখ ফিরোজ কবির।
সভায় শুরুতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নোয়াখালী বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুল বাহার এবং চৌমুহনী বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত ইসলাম জেলার সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি, জাতীয় রুফটপ সোলার সিস্টেম বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
আলোচনায় টেকসই ও পরিবেশবান্ধব বিদ্যুৎব্যবস্থা গড়ে তুলতে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জাতীয় গ্রিডে সৌরবিদ্যুতের সংযোগ বৃদ্ধি এবং গ্রাহক পর্যায়ে নেট মিটারিং পদ্ধতিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, জ্বালানি সাশ্রয় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সৌরশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গ্রাহক পর্যায়ে সোলার সিস্টেম স্থাপন করা হলে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো সম্ভব হবে।
সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ক্ষেত্রে গ্রাহক, সেবাদানকারী প্রতিষ্ঠান ও বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার মধ্যে সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি বিদ্যুৎ বিভাগের একজন সিনিয়র সহকারী সচিব CAPEX ও OPEX মডেলের বিভিন্ন সুবিধা তুলে ধরেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী নোয়াখালীর বিভিন্ন মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রধান অতিথি জেলার সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি এবং নেট মিটারিং পদ্ধতিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় সরকারি ও বেসরকারি পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ এবং জাতীয় রুফটপ সোলার কৌশলপত্র বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা ও বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বিদ্যুৎ বিভাগের উপসচিব, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান, সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
