শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া বাজারে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কুড়িকাহনিয়া বাজারে ব্রিজের নিচে কুটমনি খালের পানিতে ভাসমান অবস্থায় থাকা নীল রঙের একটি প্লাস্টিকের ড্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে একটি প্লাস্টিকের ড্রাম খালের পানিতে ভাসতে দেখে এলাকাবাসী। এভাবে পানিতে ড্রামটি ভাসতে দেখে এলাকার লোকজনের সন্দেহ হয়। পরে তারা গ্রাম পুলিশের মাধ্যমে শ্রীবরদী থানার পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে এসে ড্রামটি খুললে গলায় কাপড় পেঁচানো অবস্থায় এক নারীর লাশ দেখতে পান। এছাড়া লাশের কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানা যায়। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি ঘটনাস্থলে রয়েছি। পিবিআই টিম ঘটনাস্থলে রয়েছে এবং লাশটির পরিচয় শনাক্তে কাজ করছে। তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএইচ
