কালবেলা · সাধারণ
বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনের মৃত্যু
১৩/১০/২০২৬

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাতেমা (৭) ও নাহিদা (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, তারা ওই এলাকার শাহাবউদ্দিনের মেয়ে।
স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়িতে একটি নতুন ঘরে বৈদ্যুতিক কাজের জন্য পুরাতন ঘর থেকে বিদ্যুতের লাইন নেওয়া হয়েছিল। ওই তারের লিকেজ থেকে স্টিলের দরজায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই সময় দুই শিশু ঘরের ভিতরে ছিল। দরজা খুলে বাইরে বের হওয়ার সময় তারা বিদ্যুতায়িত হয়ে মারা যায়।
ঘটনার সময় শিশুদের মা ঘাস কাটতে বাইরে গিয়েছিলেন। তাদের বাবা শাহাবউদ্দিনও বাড়ির বাইরে ছিলেন বলে জানা গেছে।
ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘নিহতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
মূল প্রতিবেদনে যান ↗