হামের উপসর্গে দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে সিলেটে তিনজন এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে একজন করে রয়েছে। একই সময় এ রোগের
উপসর্গ নিয়ে
আরও ১ হাজার ১৮০ জন হাসপাতালে
ভর্তি হয়েছেন। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৭৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৮৭ জন। এ ছাড়া রাজশাহীতে ৯৩, চট্টগ্রামে
৯৪, ময়মনসিংহে ৮১, বরিশালে ৬২, খুলনায় ৪৭ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগী বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ১ লাখ ৮২ হাজার ৪৭ জন। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।
রোগতত্ত্ববিদরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু বলে বিবেচনা করা হয়।
