মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়Eisamay.com
Published on
:
1 min read
গত বছর কাকদ্বীপে কালী মূর্তি ভাঙা এবং পরে সেই মূর্তি প্রিজ়ন ভ্যানে তোলার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য-রাজনীতিতে। শনিবার সেই ঘটনার কথা স্মরণ করিয়ে কাকদ্বীপ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কটাক্ষ, কালী মূর্তি প্রিজ়ন ভ্যানে তোলার নির্দেশ দেওয়ার ফল পেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মহালয়ার দিন দিল্লিতেও তাঁকে প্রিজ়ন ভ্যানে উঠতে হয়েছে!
শনিবার কাকদ্বীপে মুখ্যমন্ত্রীর সরকারি কর্মসূচি ছিল। সেখানে শুভেন্দু জানান, কাকদ্বীপে যে আইপিএস অফিসারের নেতৃত্বে কালীমূর্তিকে প্রিজ়ন ভ্যানে তোলা হয়েছিল, রাজ্যে পালাবদলের পরে সেই আইপিএস কোটেশ্বর রাও-কে সাসপেন্ড করা হয়েছে। এ কথা এর আগে বিধানসভাতেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এ বার মমতাকেও আক্রমণ করেন তিনি। বলেন, ‘মা কালীকে প্রিজ়ন ভ্যানে তোলা হয়েছিল। যিনি তুলেছিলেন, সেই আইপিএস অফিসারকে আমরা সাসপেন্ড করেছি। মা কালীর অপমান আমরা মানব না। যে মুখ্যমন্ত্রীর নির্দেশে মা কালীকে প্রিজ়ন ভ্যানে তোলা হয়েছিল, ওই মুখ্যমন্ত্রীকে মহালয়ার দিন দিল্লিতে প্রিজ়ন ভ্যানে উঠতে হয়েছে। এটাই সনাতনের তাকত। এটাই মা দুর্গা, মা কালীর তাকত।’
প্রসঙ্গত, ২০২৫ সালের অক্টোবরেই কাকদ্বীপের সূর্যনগরে এক কালীমন্দিরে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সেখানে প্রতিমা ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে ভাঙা কালী প্রতিমা সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি প্রথমে। উল্টে উত্তেজনা বাড়তে থাকে। সেই সময়েই পুলিশের বিরুদ্ধে কালী মূর্তিকে প্রিজ়ন ভ্যানে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। তা নিয়ে সরবও হয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু।
