পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্ত্রাসবুর্গের মাঠে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ষষ্ঠ জয়ের পথে স্ত্রাসবুর্গকে হারিয়েছে বর্তমান ফরাসি চ্যাম্পিয়নরা।
চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারানো দলের একাদশে আটটি পরিবর্তন এনেছিলেন পিএসজির কোচ লুইস এনরিকে। তবে নতুন করে সাজানো দল শুরুতে ছন্দ খুঁজে পেতে সমস্যায় পড়ে। জিওভানি রেইনার শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে এগিয়ে যায় স্ত্রাসবুর্গ।
দ্বিতীয়ার্ধে দলের পাঁচ তারকা খেলোয়াড়কে মাঠে নামান এনরিকে। তাদের আগমনে বদলে যায় ম্যাচের চিত্র। ওসমান দেম্বেলের ক্রস থেকে গোল করে পিএসজিকে সমতায় ফেরান ইলিয়া জাবারনি।
এরপর পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেননি বর্তমান ব্যালন ডি’অরজয়ী দেম্বেলে। তার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। তবে সেই ব্যর্থতা কাটিয়ে ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে দারুণ এক গোলে পিএসজিকে এগিয়ে দেন ফরাসি তারকা। বক্সের বাইরে থেকে নিচু শটে বল জালে পাঠান তিনি।
যোগ করা সময়ে ফেররান তোরেসের বাড়ানো বল থেকে গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন দেজিরে দুয়ে।
লিগের প্রথম তিন ম্যাচ শেষে পয়েন্ট তালিকার ১৩তম স্থানে ছিল পিএসজি। স্ত্রাসবুর্গের বিপক্ষে এই জয়ে শীর্ষে উঠে এসেছে দলটি। তবে সপ্তাহান্তে প্রতিদ্বন্দ্বী দলগুলোর ম্যাচের ফলের ওপর নির্ভর করে বদলে যেতে পারে পয়েন্ট তালিকার অবস্থান।
