আজকাল ওয়েবডেস্ক: আসন্ন ইজরায়েলের নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জয়ের পক্ষে সওয়াল করেছেন। তবে সেই পথে হাঁটতে নারাজ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর সাফ বক্তব্য, ইজরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি বা নির্বাচনে তিনি কোনওরকম ভাবেই হস্তক্ষেপ করবেন না। বরং আমেরিকার আসন্ন মিডটার্ম নির্বাচনই তাঁর একমাত্র অগ্রাধিকার।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, সোমবার আন্তর্জাতিক সংবাদসংস্থার এক সাংবাদিক মার্ক হ্যালপেরিনকে এক সাক্ষাৎকারে সে কথা স্পষ্ট জানিয়েছেন ভ্যান্স। বলেছেন, "আন্তর্জাতিক রাজনীতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমার এক এবং একমাত্র মনোযোগ আমেরিকার রাজনীতির উপরেই। আমি শুধু দেশের প্রার্থীদের সমর্থনেই প্রচার চালাব।" এদিন উত্তর ক্যারোলিনায় রিপাবলিকান সেনেট প্রার্থী মাইকেল হোয়াটলির সমর্থনে প্রচারে যাচ্ছিলেন তিনি। সে সময়েই এই সাক্ষাৎকার দেন ভ্যান্স। পাশাপাশি, আরও যোগ করেন যে, ইজরায়েলের নির্বাচনে জড়ানোর তাঁর ব্যক্তিগত কোনও ইচ্ছে নেই।
ট্রাম্প যেখানে নেতানিয়াহুকে প্রকাশ্যে সমর্থন করছেন, সেখানে ভ্যান্সের এই দূরত্ব বজায় রাখার নীতি দু'জনের ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকেই ফুটিয়ে তুলেছে। অবশ্য এর আগে ভ্যান্স হাঙ্গেরির তৎকালীন প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের হয়ে বিদেশ সফর করে প্রচার চালিয়েছেন, এমন তথ্যও রয়েছে। যদিও সেই নির্বাচনে ওরবানের দল হেরে যায়।
বর্তমান প্রেক্ষাপটে মার্কিন মিডটার্ম নির্বাচনের প্রাক্কালে ডেমোক্র্যাট প্রার্থীদের ইহুদি-বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা চলছে। অন্যদিকে, রিপাবলিকানদের নিজেদের ভিতরেও ইজরায়েল নীতি নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে। সম্প্রতি রিপাবলিকান জিউইশ কোয়ালিশনের বৈঠকে ভ্যান্স উপস্থিতদের আস্থা অর্জন করেছেন ঠিকই। তবে বিতর্কিত ডানপন্থী সঞ্চালক টাকার কার্লসনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন এখনও অব্যাহত।
তাছাড়া, ইরানের সঙ্গে মার্কিন প্রশাসনের যুদ্ধাবসানের কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে নেতানিয়াহু সরকারের সঙ্গেও ভ্যান্সের মতবিরোধ রয়েছে। পডকাস্টার জো রোগানের শো-তে তিনি খোলাখুলি অভিযোগ করেন যে, ইজরায়েলি কিছু ব্যক্তিত্ব আমেরিকার জনমতকে প্রভাবিত করে যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে।
সব মিলিয়ে, ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর পাশে দাঁড়ালেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট আপাতত দেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রতিই নিজের পূর্ণ আনুগত্য বজায় রাখছেন।
