ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স। উড়োজাহাজটিতে থাকা অসুস্থ এক নারীকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রোববার দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন।
এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রীতালিকা অনুযায়ী, মৃত ওই নারীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতের নাগরিক। তাঁর সঙ্গে উড়োজাহাজে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। যাত্রীতালিকায় তাঁদের সবার জাতীয়তা ভারতীয় উল্লেখ করা হয়েছে।
যাত্রীতালিকার তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করছিল এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড (SKB INFRACON PVT LTD)। উড়োজাহাজটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। এটি আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করেছিল।
উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাঝ আকাশে উড়োজাহাজটির দরজা খুলে যাওয়ার পর নিরাপত্তার স্বার্থে সেটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে অসুস্থ নারীকে দ্রুত উড়োজাহাজ থেকে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়।
তবে কী কারণে উড়োজাহাজটির দরজা খুলে গিয়েছিল এবং ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এমএস/
