প্রতিনিধি, চুনারুঘাট, হবিগঞ্জ · ১৫ অক্টোবর, ২০২৬ ৪:১৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাত্র ১১ দিনের ব্যবধানে দুই ছেলেকে হারিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী দম্পতি শাহ আসাদ ও তার স্ত্রী। বড় ছেলে শাহ আদ্রী (২৬) মারা যান মোটরসাইকেল দুর্ঘটনায়। এরপর জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট ছেলে শাহ ওয়াদি (১০)।
পরিবারের স্বজনদের তথ্য অনুযায়ী, গত ৩ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান আদ্রী। তিনি সম্প্রতি সফটওয়্যার প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন। গত বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ব্রঙ্কসের মন্টিফিওর হাসপাতালে মারা যায় ওয়াদি। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
দুই সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন তাদের বাবা-মা। স্বজনেরা জানিয়েছেন, শোকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা শাহ আসাদ। অন্যদিকে দুই ছেলের মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন মা।
নিহত দুই ভাইয়ের মামাতো ভাই তাজুল বাহার তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শাহ আসাদের আরেক মামাতো ভাই কামরুল হাসান দুই ভাইয়ের জন্য এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।
পরিবারটির পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ফুলবাড়ি গ্রামে। প্রায় ৩০ বছর ধরে তারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। অল্প সময়ের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
গুগলে আমাদের খবর পেতে
