রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে রাফসার বিন আব্দুল্লাহ (১৮) নামের এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশের পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
নিহত রাফসার বিন আব্দুল্লাহ নগরীর হোসনীগঞ্জ বেতপট্রি এলাকার প্রয়াত আব্দুল্লাহ জাকি রুবেলের ছেলে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর রাফসার আর ফিরে আসেনি।
পুলিশ কর্মকর্তা আরও জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে নিহতের শরীরে আঘাতের কোনো বাহ্যিক চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহে পচন ধরেছিল। ধারণা করা হচ্ছে, পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জেএইচআর
