Published : 17 Oct 2026, 11:55 PM
Updated : 17 Oct 2026, 11:55 PM
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও আবৃত্তিশিল্পী জিয়াউল ইসলাম কাজল এবং নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
একই সঙ্গে বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা ও বিচারব্যবস্থার সংস্কারের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
শনিবার বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মনি সুপান্থ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীনা তাজরিন।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, উপদেষ্টা প্রদীপ ঘোষ বাবু, সহসভাপতি ধীমান সাহা জুয়েল ও শিল্পী অমল আকাশ।
বক্তব্যে রফিউর রাব্বি বলেন, শেখ হাসিনার শাসনামলে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্নভাবে নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। জিয়াউল ইসলাম কাজলও এসব আন্দোলনে সক্রিয় ছিলেন এবং ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় সংগঠনটির সভাপতি হিসেবে ভূমিকা পালন করেন।
তিনি বলেন, পেশায় আইনজীবী হিসেবে কাজল যেকোনো দলের নেতাকর্মীর পক্ষে আদালতে দাঁড়াতে পারেন। এটি অপরাধ হতে পারে না। আদালতে স্লোগান দেওয়ার ঘটনার সঙ্গে কাজলের সংশ্লিষ্টতা না থাকলে তাকে এ ঘটনায় দায়ী করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আতিকুল ইসলাম মুন্নার প্রসঙ্গে রফিউর রাব্বি বলেন, মুন্না একজন নাট্যকর্মী। রাজনীতি কিংবা সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা না থাকলে তাকে কারাগারে রাখা উচিত নয় বলে তিনি মনে করেন।
মানববন্ধনে জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু বলেন, ১৩ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আদালতে জামিন নেওয়াকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে জিয়াউল ইসলাম কাজল, তার ভাই আতিকুল ইসলাম মুন্না এবং সংশ্লিষ্ট আরেকজন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আগে দায়ের হওয়া সন্ত্রাসী কর্মকাণ্ডসংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।
প্রদীপ ঘোষ বাবু দাবি করেন, মামলার ওই ঘটনার সঙ্গে কাজল ও মুন্নার কোনো সংশ্লিষ্টতা নেই। বিচারব্যবস্থা দীর্ঘদিন রাজনৈতিক প্রভাবের মধ্যে থাকলে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে এবং বিচারব্যবস্থা বিতর্কিত হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
মানববন্ধন থেকে জিয়াউল ইসলাম কাজল ও আতিকুল ইসলাম মুন্নার অবিলম্বে মুক্তি এবং বিচারব্যবস্থার সংস্কারের দাবি জানানো হয়।
১৪ অক্টোবর ভোররাতে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে গ্রেপ্তার হন জিয়াউল ইসলাম কাজল ও তার ভাই আতিকুল ইসলাম মুন্না। আগের দিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর আদালতে হাজিরার সময় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি পুরোনো মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
