পঞ্চমীর ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা ১৯ নম্বর জাতীয় সড়কে। ট্রাক্টর ও চারচাকা গাড়ির ধাক্কায় মৃত ১। আহত ৪। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার কাঁকসার রাজবাঁধ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় ব্যাপক শোরগোল এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে বর্ধমানের দিক থেকে দুর্গাপুরে যাচ্ছিল একটি ছোট চারচাকা গাড়ি। সেই দিকেই যাচ্ছিল একটি বালি বোঝাই ট্রাক্টর। স্থানীয়দের দাবি, ছোট গাড়িটি দ্রুত গতিতে ছুটছিল। সেই সময় আচমকা গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সামনে থাকা বালি বোঝাই ট্রাক্টরের পিছনে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে দুমড়ে-মুচড়ে যায় ছোট গাড়িটি। অন্যদিকে বালি বোঝাই ট্রাক্টরটিওঘুরে গিয়ে রাস্তার ওপরে উলটে যায়।
ভোররাতে বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। চারচাকা গাড়ির যাত্রীরা রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। ট্রাক্টরের চালকও রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর জখম হয়েছেন তিনি। স্থানীয়রাই প্রাথমিক উদ্ধার কার্যে হাত লাগান। খবর দেওয়া পুলিশে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। আহতদের উদ্ধার করে রাজবাঁধ এলাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়। বাকি চারজন আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালেই চিকিৎসাধীন।
ঘটনায় জাতীয় সড়কে সাময়িক যানজট তৈরি হয়। পুলিশ দুর্ঘটনার কবলে পড়া গাড়িগুলিকে সরিয়ে নিয়ে যানচলাচল স্বাভাবিক করে। কী করে দুর্ঘটনাস ঘটল? চারচাকা গাড়িটির চালকরা মদ্যপ অবস্থায় ছিলেন কি না, নাকি কোনও যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
