খুলনা গেজেট অক্টোবর ১২, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ
সুন্দরবনে কুখ্যাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার দুপুরে শিবসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। সোমবার (১২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
উদ্ধার হওয়া জেলেরা হলেন—মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)। তারা সবাই খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাসিন্দা। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় কুখ্যাত সম্রাট বাহিনীর সদস্যরা অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত রবিবার দুপুর ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বনদস্যুদের হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ১০ অক্টোবর সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা তাদের আটক করে জিম্মি করেন। পরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাদের ওপর নির্যাতন চালানো হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের নির্দেশনা, জনগণের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে বনদস্যুমুক্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
খুলনা গেজেট/এএজে
