নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে মন্ত্রিপরিষদ বিভাগের নিচে রাখা মোবাইল ল্যাবরেটরি ভ্যানটি পরিদর্শন করেন তিনি।
এ সময় পরীক্ষাগারের ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া দেখেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে পরীক্ষাগারের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানান।
কর্মকর্তারা জানান, ভেজালবিরোধী অভিযান জোরদার করতে দেশের বিভিন্ন এলাকায় খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি করা হচ্ছে। বর্তমানে আটটি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে এ কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় কার্যক্রমটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এদিকে, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের কার্যক্রম চলছে।
খাদ্য নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতেও এসব ভ্যানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ভ্যানের বাইরের দিকে স্থাপিত মনিটরে নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়।
