কালবেলা · আন্তর্জাতিক
বিতর্কিত অঞ্চলের বাজারে সুদানের হামলা, নিহত ১৫৩
২১/১০/২০২৬

সুদানের সামরিক বাহিনীর ড্রোন হামলায় বিতর্কিত আবেই অঞ্চলের একটি বাজারে অন্তত ১৫৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ সুদানের এক কর্মকর্তা। সোমবারের ওই হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে পুড়ে অনেকের মরদেহ চেনার উপায়ও নেই বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে আবেই অঞ্চলের ভারপ্রাপ্ত তথ্যমন্ত্রী ইয়োহানা আকোল নগর জানান, বাজারে হামলার পর প্রাথমিকভাবে ৭৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ১৫৩ হয়েছে।
তিনি বলেন, ‘আগুন এখনো জ্বলছে। নিহতদের মরদেহ উদ্ধারের কাজ চলছে। পরিস্থিতি ভয়াবহ।’ আগুনে কয়েকটি মরদেহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে বলেও জানান তিনি।
নগরের অভিযোগ, সুদানের সেনাবাহিনী এই হামলা চালিয়েছে। তবে এ অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স সুদানের সশস্ত্র বাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক সূত্র, একজন ত্রাণকর্মী ও সংঘাতবিষয়ক এক বিশেষজ্ঞের তথ্য অনুযায়ী, হামলায় বাজারের একটি জ্বালানি ডিপোও আঘাতপ্রাপ্ত হয়েছে। তিন কূটনৈতিক সূত্র জানিয়েছে, অতীতে ডিপোটি আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সেনাদের জন্য জ্বালানি সরবরাহে ব্যবহৃত হয়েছিল। তবে এ বিষয়ে আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হামলার পর ঘটনাস্থলে ধারণ করা এবং রয়টার্সের যাচাই করা একটি ভিডিওতে যানবাহন ও ভবনের পোড়া, দুমড়েমুচড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে। একটি ভবন থেকে তখনো আগুনের শিখা বের হচ্ছিল। এ সময় স্থানীয় বাসিন্দাদের ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে দেখা যায়।
সাম্প্রতিক কয়েক দিনের হামলায় নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে সুদানের চলমান সংঘাতের ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
২০২৩ সালের এপ্রিলে সুদানের সশস্ত্র বাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব থেকে যুদ্ধ শুরু হয়। এরপর সংঘাত দেশটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক মানবিক সংকট সৃষ্টি করে। এতে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ও বিদেশি শক্তিও জড়িয়ে পড়েছে।
সূত্র: রয়টার্স
মূল প্রতিবেদনে যান ↗