অস্ত্র হাতে বিতর্কিত মাদকবিরোধী অভিযানে নেমে সমালোচনার মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন থেকে তিনি নিজের পদত্যাগের এই ঘোষণা দেন। পরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন।
এর আগে রোববার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে প্রতিমন্ত্রী ইশরাককে নিজের দপ্তরে ডেকে পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধানের সেই নির্দেশ মেনেই শেষ পর্যন্ত মন্ত্রিসভা ছাড়লেন এই প্রতিমন্ত্রী।
সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে ইশরাক হোসেন দাবি করেন, সমাজে মাদকের ভয়াবহ আগ্রাসন রোধে নিজস্ব উদ্যোগে অভিযান পরিচালনা করতে গিয়েই আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে দলের ইচ্ছার বিরুদ্ধেই পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি আমি নিজে থেকেই এ সিদ্ধান্ত নিয়েছি।’ তবে পদত্যাগের পর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও অবস্থান স্পষ্ট করে তিনি আরও ঘোষণা দেন, মন্ত্রিত্ব চলে গেলেও তিনি থেমে থাকবেন না; বরং এখন থেকে আরও বেশি আগ্রাসী ভূমিকা নিয়ে রাজপথে নামবেন এবং মাদকের বিরুদ্ধে কঠোর যুদ্ধ চালিয়ে যাবেন।
