ইরানি চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদির ‘মিডডে মিল’ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতেছে। এ জয়ের ফলে সিনেমাটি অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতার জন্য স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করেছে।
সিউল থেকে এএফপি জানায়, এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র উৎসব বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (বিআইএফএফ) মূল প্রতিযোগিতা বিভাগ গত বছরই প্রথম চালু হয়। এ বছর এ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ১৩টি ছবি, যার মধ্যে দক্ষিণ কোরিয়ার তিনটি ছবিও ছিল।
চীনা চলচ্চিত্র নির্মাতা ঝাং ইমুর নেতৃত্বাধীন জুরি ‘মিডডে মিল’ ছবিটিকে সেরা হিসেবে বেছে নেয়। ‘রেইজ দ্য রেড ল্যান্টার্ন’ ছবির জন্য পরিচিত ঝাং ইমুর জুরি নির্বাচিত ছবিটিতে ইরানের একটি দরিদ্র গ্রামের এক শিক্ষকের গল্প তুলে ধরা হয়েছে। নিজের স্কুলটি টিকিয়ে রাখতে ওই শিক্ষক একপর্যায়ে চোরাচালানে জড়িয়ে পড়তে বাধ্য হন।
পুরস্কার গ্রহণের সময় দোভাষীর মাধ্যমে মাজিদি বলেন, ‘চিত্রগ্রহণ শুরুর কয়েক মাস আগে আমার মা মারা যান। তাঁর কাছ থেকে পাওয়া ভালোবাসা ও প্রাণশক্তির কারণেই আমি এ পুরস্কার পেয়েছি বলে মনে করি।’
চলমান সংঘাত, বছরের পর বছর ধরে আরোপিত আইনি নিষেধাজ্ঞা এবং ওষুধপ্রাপ্তির সীমাবদ্ধতার মধ্যেও ‘কখনো হাল না ছাড়ার’ জন্য তিনি ইরানের জনগণের প্রশংসা করেন।
এ বছরের এ পুরস্কার বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ, যুক্তরাষ্ট্রভিত্তিক একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস গত মে মাসে অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ছবি নির্বাচনের দীর্ঘদিনের নিয়মে পরিবর্তন আনে। আগে এ বিভাগে প্রতিটি দেশ থেকে একাডেমি-অনুমোদিত একটি বাছাই কমিটির নির্বাচিত মাত্র একটি ছবি প্রতিযোগিতার সুযোগ পেত।
নতুন নিয়মে বুসান, কান ও বার্লিনসহ ছয়টি নির্ধারিত চলচ্চিত্র উৎসবের যেকোনো একটিতে পুরস্কার জিতলেই একটি ছবি অস্কারের ওই বিভাগে প্রতিযোগিতার জন্য স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করবে। প্রাথমিকভাবে নির্বাচিত ছবিগুলোর বিস্তৃত তালিকা থেকে শেষ পর্যন্ত পাঁচটি ছবিকে মনোনয়ন দেওয়া হবে।
এশীয় চলচ্চিত্রের প্রতিভা বিকাশের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত বুসান উৎসবের ৩১তম আসরের উদ্বোধন হয় পরিচালক কিম জং-কোয়ানের ‘দ্য টেবিল: ডে অ্যান্ড নাইট’ ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে। এটি একটি অন্তরঙ্গ আবহের কোরীয় নাট্যধর্মী চলচ্চিত্র।
এ বছর অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়োহকে ‘এশিয়ান ফিল্মমেকার অব দ্য ইয়ার’ পুরস্কার দেওয়া হয়। চলচ্চিত্রশিল্পে নারীর ক্ষমতায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ হংকংয়ের চলচ্চিত্র নির্মাতা অ্যান হুই পান ‘ক্যামেলিয়া অ্যাওয়ার্ড’।
এ বছরের উৎসবে মোট ৩১৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এর মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ২৪৬টি ছবি নিয়ে ২০১৯ সালের পর উৎসবটির সবচেয়ে বড় আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা গতকাল বৃহস্পতিবার জানান, এবারের উৎসবে দুই লাখের বেশি দর্শনার্থী অংশ নেন।
