লন্ডনে ছুটি কাটাতে গিয়ে আরব ভাটিয়ার সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। অক্ষয় কুমার ও টুইঙ্কল খন্নার ছেলে আরবের সঙ্গে অভিনেত্রীর এই ছবি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। সদ্য তৈরি করা মাফিন হাতে দু’জনের হাসিমুখ ধরা পড়েছে ছবিতে। তা হলে কি সম্পর্কে জড়িয়েছেন অনন্যা ও আরব? তাই কি একসঙ্গে ছুটি কাটাচ্ছেন?
ইনস্টাগ্রামের স্টোরিতে এই ছবিটি ‘রিশেয়ার’ করেছেন অনন্যা। মূল ছবিটি পোস্ট করেছিলেন তাঁর বন্ধু তাহিরা চাওলা। ছবিতে দেখা যাচ্ছে, পাশাপাশি বসে রয়েছেন অনন্যা ও আরব। আরবের হাতে মাফিন ভর্তি একটা কৌটো। অন্য দিকে, দুই হাতে মাফিনের ছোট ছোট টুকরো নিয়ে পোজ় দিয়েছেন অনন্যা। ছবিটি দেখে মনে হচ্ছে, লন্ডনে ছুটি কাটানোর ফাঁকে বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছেন তাঁরা।
চঙ্কী পাণ্ডে ও ভাবনা পাণ্ডের মেয়ে অনন্যার বলিউডে আত্মপ্রকাশ ২০১৯ সালে ‘স্টুডেন্ট অফ দি ইয়ার ২’ ছবির মাধ্যমে। এর পর ‘পতী পত্নী অওর উয়ো’, ‘খালী পীলী’, ‘ড্রিম গার্ল ২’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘কল মি বে’ সিরিজ়ের মাধ্যমে ওটিটিতেও নিজের জায়গা তৈরি করেছেন অভিনেত্রী।
অন্য দিকে, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয়ের ছেলে হওয়া সত্ত্বেও বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন আরব। বাবার মতো অভিনয়জগতে প্রবেশ করা কিংবা নিয়মিত জনসমক্ষে আসার বদলে নিজের ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছেন তিনি।
ছেলেমেয়েদের কেরিয়ার নিয়ে নিজের ভাবনার কথা আগেও একাধিক বার জানিয়েছেন অক্ষয়। অভিনেতার বক্তব্য, নিজের পেশাগত পছন্দ সন্তানদের উপর চাপিয়ে দিতে চান না তিনি। বরং তারা ভবিষ্যতে কী করবে, সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাদেরই থাকা উচিত।
তবে লন্ডনে আরবের সঙ্গে অনন্যার সময় কাটানোর ছবি প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু। বলিউডে কি তা হলে নতুন সম্পর্কের সমীকরণ তৈরি হচ্ছে? না কি কেবলই বন্ধু তাঁরা? অনুরাগীরা আশায় সঠিক উত্তরের।
