‘ভালোভাবে’ শেষ ম্যাচটা খেলতে চাই: শারমিন সুপ্তা
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অস্ট্রেলিয়ায় প্রথমবার ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ মেয়েদের ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হারের পর শেষ ম্যাচে নামার অপেক্ষায় লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ ম্যাচটা ভালোভাবে শেষ করতে চায় বাংলাদেশ, টপঅর্ডার ব্যাটার শারমিন আক্তার সুপ্তা এমন বলছেন।
বুধবার সফরে শেষ ম্যাচে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে।
অজিদের বিপক্ষে শেষ ম্যাচের আগেরদিন ব্যাটার শারমিন বললেন, ‘আমাদের শেষ ম্যাচ এবং আমার কাছে মনে হয় এই কন্ডিশনে খেলতে পারাটা আমাদের জন্য খুবই ভালো একটা সুযোগ। আমরা শেষ ম্যাচে একটা ভালো নোট দিয়ে শেষ করতে চাই।’
‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যদি বলি, আমাদের উন্নতির আরও জায়গা আছে। গত ম্যাচে যদি দলগতভাবে বলি, আমাদের ব্যাটিংটা খুবই ভালো হয়েছে এবং সেখান থেকে আরও ভালোটা ধরে এগিয়ে যেতে চাই। সেইসঙ্গে বোলিং, ফিল্ডিং আরও ভালো করলে হয়তো আমাদের খেলাটা আরও দারুণভাবে শেষ হবে।’
অজি মেয়েদের বিপক্ষে বাংলাদেশ ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বড় হার দিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
