যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাত্র ১১ দিনের ব্যবধানে মারা গেছে প্রবাসী বাংলাদেশি এক পরিবারের দুই সন্তান। বড় ছেলে শাহ আদ্রীর (২৬) মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ছেলে শাহ ওয়াদি (১০) জ্বরে আক্রান্ত হয়ে বুধবার মারা যায়। দুই সন্তানের মৃত্যুতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা শাহ আসাদ।
নিহত আদ্রী সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে সম্প্রতি চাকরিতে যোগ দিয়েছিলেন। তার ছোট ভাই ওয়াদি ছিল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহতের পরিবারের স্বজনরা জানান, গত ৩ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান বড় ভাই শাহ আদ্রী। তার মৃত্যুর ১১ দিন পর গত ১৪ অক্টোবর স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে জ্বরে আক্রান্ত হয়ে নিউইয়র্কের ব্রঙ্কসের মন্টিফিওর হাসপাতালে মারা যায় ছোট ভাই শাহ ওয়াদি।
নিহত দুই ভাইয়ের পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে। পরিবারটি প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। তাদের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে বসবাসরত স্বজনদের পাশাপাশি দেশের গ্রামের বাড়িতেও শোকের আবহ তৈরি হয়েছে।
নিহতদের মামাতো ভাই তাজুল বাহার জানান, গত ৩ অক্টোবর মোটরসাইকেল দুর্ঘটনায় বড় ভাই আদ্রীর মৃত্যু হয়। এর ১১ দিন পর জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট ভাই ওয়াদি।
এদিকে, শাহ আসাদের মামাতো ভাই কামরুল হাসান দুই ভাইয়ের জন্য এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন। একই পরিবারের দুই সন্তানের এমন অকালমৃত্যুর ঘটনায় স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
