গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামের শ্যামল রোজারিও (৫৭) অটোরিকশায় করে কালীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এ সময় গুরুতর আহত শ্যামলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পৌনে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, স্বামীর জন্য সকালের নাস্তা নিয়ে যাওয়ার সময় রোকেয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূ অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টায় তিনি মারা যান। নিহত রোকেয়া রূপগঞ্জের খাস পুটিনা গ্রামের আফসার উদ্দিনের স্ত্রী।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. ইমরান খান জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শ্যামলকে হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। আর রোকেয়াকে হাসপাতালে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার কিছুক্ষণ পর তিনি মারা যান।