দুর্গোৎসবের তৃতীয় দিন আজ, সোমবার মহাষ্টমী পূজা। একইসঙ্গে আয়োজন রয়েছে কুমারী পূজার। মাতৃরূপে ঈশ্বরের একটি আরাধনা কুমারী পূজা। সেজন্য পূজার্থীরা মাতৃরূপে ঈশ্বরকে আরাধনা করতে কুমারী পূজা করে থাকেন। তবে সব মণ্ডপে কুমারী পূজার আয়োজন করা হয় না।
এদিকে গতকাল রোববার, অধিক মহাসপ্তমীতে সকালে নগরের বিভিন্ন মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয় । পূজা শেষে ভক্তদের দেওয়া হয় অঞ্জলি। এরপর দুপুরে বিতরণ করা হয় প্রসাদ। বিকেলে ছিল ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন। এদিন সকাল থেকে মণ্ডপগুলোতে নানা বয়সী দর্শনার্থীর ভিড়ে মুখরিত হয়ে উঠে। সন্ধ্যায় বিভিন্ন মণ্ডপে করা হয় আরতি। এসময় সকালের চেয়ে ভিড় ছিল আরও বেশি।
আজ মহাষটমীতে পূজামণ্ডপগুলোতে ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়া রয়েছে নানা আয়োজন। সকালে পূজা, সন্ধি পূজা ও চণ্ডীপাঠ অনূষ্ঠিত হবে। পূজা শেষে ভক্তদের পুষ্পাঞ্জলী প্রদান এবং দুপুরে বিভিন্ন মণ্ডপে মহাপ্রসাদ আস্বাদনের আয়োজন রয়েছে। এছাড়া বিকেলে থেকে সন্ধ্যায় বস্ত্র বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান হবে।
এছাড়া আগামীকাল মঙ্গলবার মহানবীতে মায়ের পূজা ও পুষ্পাঞ্জলির পাশাপাশি অনেক মণ্ডপে সমবেত প্রার্থনা, যজ্ঞানুষ্ঠান ও মহাপ্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে। আবার কিছু মণ্ডপে রয়েছে আলোচনা সভা, বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে ২০০৪ সাল থেকে নগরের পাথরঘাটা শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারী পূজার অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও মন্দিরে আজ মহাষ্টমীর দিনে কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এবার ৩ জন কুমারী কন্যাকে মনোনীত করা হয়েছে। তারা হলেন-৫ বছর বয়সী রাধেশ্রী দত্ত বৃন্দা, ১০ বছর বয়সী ঋত্বিকা দাশ ও ৬ বছর বয়সী অদিশ্রী কর।
হিন্দু শাস্ত্র অনুসারে মহাষ্টমীর দিন মানবকল্যাণের জন্য ১ থেকে ১৬ বছরের কুমারী কন্যাকে মনোনীত করা হয়। বয়সভেদে কুমারীর নাম হয় ভিন্ন। এক বছর বয়সে সন্ধ্যা, দুইয়ে সরস্বতী, তিনে ত্রিধামূর্তি, চারে কালিকা, পাঁচে সুভগা, ছয়ে উমা, সাতে মালিনী, আটে কব্জিকা, নয়ে অপরাজিতা, দশে কালসন্ধর্ভা, এগারোয় রুদ্রাণী, বারোয় ভৈরবী, তেরোয় মহালক্ষ্মী, চৌদ্দয় পীঠনায়িকা, পনেরোয় ক্ষেত্রজ্ঞা এবং ষোল বছরে অম্বিকা বলা হয়ে থাকে।
এর আগে ২০২৫ সালে শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারী পূজার আসন অলংকৃত করেন ৫ নামে ৬ কুমারী। এদের মধ্যে উমা নামে পূজিত হয়েছেন ৬ বছরের রাধেশ্রী দত্ত বৃন্দা, মালিনী নামে পূজিত হয়েছেন ৭ বছরের জুলি দাশ, কব্জিকা নামে পূজিত হয়েছেন ৮ বছরের প্রীত ধর, কালসন্দর্ভা নামে পূজিত হয়েছেন ১১ বছরের আদ্রিজা বিশ্বাস ও নিভৃত দত্ত এবং রুদ্রাণী নামে পূজিত হয়েছেন ১১ বছরের সুভদ্রা বিশ্বাস।
আয়োজকরা জানান, মাতৃরূপে ঈশ্বরের একটি আরাধনা কুমারী পূজা। কুমারী আদ্যাশক্তি মহামায়ার প্রতীক। দুর্গার আরেক নাম কুমারী। কুমারীরা শুদ্ধতার প্রতীক হওয়ায় মাতৃরূপে ঈশ্বরের আরাধনার জন্য কুমারী কন্যাকে নির্বাচিত করা হয়। মূলত নারীর যথাযথ মর্যাদা অধিষ্ঠিত করতে কুমারী পূজা করা হয়। কুমারী প্রতীকে জগৎজননীর পূজায় পরম সৌভাগ্য লাভ হয়।
মন্দির সূত্রে জানা যায়, কুমারী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় ১৬টি উপকরণ দিয়ে। অগ্নি, জল, বস্তু, পুষ্প ও বাতাস-এ পাঁচটি উপকরণ দিয়ে কুমারীকে পূজা করা হয়। পূজার আগে কুমারীকে স্নান করিয়ে পরানো হয় নতুন কাপড় । মাথা ও গলায় পরানো হয় ফুলের মালা ও অলংকার। প্রসাধনের নিপুণ সাজে সাজিয়ে তোলা হয় কুমারীকে। এরপরই কুমারীকে মন্ত্র পাঠ করে গঙ্গাজল ছিটিয়ে শরীর-মন শুদ্ধ করে মাতৃজ্ঞানরূপে পূজা করা হয়। পূজা শেষে ভক্তরা কুমারী মায়ের উদ্দেশে মিষ্টি, ফল, ফুল, দধি ইত্যাদি নিবেদন করবেন।
প্রসঙ্গত, ২০২৪ সালে শান্তনেশ্বরী মাতৃ মন্দিরে কুমারী পূজায় আসন অলংকৃত করেন ১০ বছরের প্রীতি ধর ও ১১ বছরের সুভদ্রা। তারা শাস্ত্রীয় ‘অপরাজিতা নামে পূজিত হন।
২০২৩ সালে কুমারী পূজার আসন অলংকৃত করেন ৬ নামে ১১ কুমারী। এদের মধ্যে ভৈরবী নামে পূজিত হন ১২ বছরের পূজা দাশ, রুদ্রাণী নামে ১১ বছরের অস্মিতা সেন, কালসন্দর্ভা নামে ৯ বছরের সুভদ্রা বিশ্বাস, মালিনী নামে ৭ বছরের নিভৃতি দত্ত, তিথি দাশ, আদ্রিতা বিশ্বাস ও আদ্রিতা চৌধুরী, কুব্জিকা নামে ৮ বছরের পৌষালী রায় ও প্রীত ধর, অপরাজিতা নামে কৃত্তিকা চৌধুরী এবং কালসন্দর্ভ নামে আনমোল বণিক।
অন্যদিকে আজ মহাষ্টমীতেও পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি বিভিন্ন কর্মসূচি রয়েছে মহানগর পূজা উদ্যাপন পরিষদ আয়োজিত জে এম সেন হল প্রাঙ্গণে। এছাড়া অন্যান্য পূজামণ্ডগুলোতে রয়েছে নানা ধর্মীয় আয়োজন।
মহানগর পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথে বলেন, আজ সকাল ৬টায় পূজা আরম্ভ, সকাল ৭টা ৫৫মিনিটে সন্ধি পূজা, সকাল সাড়ে ৯টায় অঞ্জলি, দুপুর দেড়টায় জাগরণ পুঁথি পাঠ, বিকেল সাড়ে ৩টায় সঙ্গীতানুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৬টায় সন্ধ্যারতি, সন্ধ্যা সাড়ে ৭টায় বিশেষ সঙ্গীতাঞ্জলি এবং সন্ধ্যা ৭টা-১০টা পর্যন্ত শুভেচ্ছা জানাবেন রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।
সুপ্রভাত/আরবি
The post আজ মহাষ্টমী—১৬ নামের কোনটিতে হবে কুমারী পূজা? appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
