অনলাইন ডেস্ক
বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে ৪৮ ঘণ্টার হরতাল ও সড়ক অবরোধ চলছে। বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। এ কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
হরতালের সমর্থনে সকাল ৮টার পর থেকে বিভিন্ন স্থানে মিছিল বের হয়। সকাল সাড়ে ৮টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়ে স্লোগান দেন। তারা চারটি আসন ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বাগেরহাট-খুলনা মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা-ঢাকা মহাসড়কের দশানী, নওয়াপাড়া, কাটাখালি, মোল্লাহাট সেতু, বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার, খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা ও মোংলা বাসস্ট্যান্ডসহ অন্তত ২০টি স্থানে সড়কে গাড়ি, গাছের গুড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করা হয়েছে।
নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত সীমানা অনুযায়ী বাগেরহাটে বর্তমানে তিনটি আসন রয়েছে:
বাগেরহাট-১: সদর, চিতলমারী ও মোল্লাহাট
বাগেরহাট-২: ফকিরহাট, রামপাল ও মোংলা
বাগেরহাট-৩: কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা
তবে দীর্ঘদিন ধরে এখানে চারটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল। পূর্বের সীমানায় ছিল—
বাগেরহাট-১: চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট
বাগেরহাট-২: সদর ও কচুয়া
বাগেরহাট-৩: রামপাল ও মোংলা
বাগেরহাট-৪: মোরেলগঞ্জ ও শরণখোলা
সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা জানিয়েছেন, বাগেরহাটের মানুষের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে চারটি আসন পুনর্বহাল না করা পর্যন্ত হরতাল ও অবরোধসহ কর্মসূচি চলবে৷
