ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তানহা (১০) ও মাহা (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তানহা ওই এলাকার আব্দুল গনির মেয়ে এবং মাহা মো. শাহীনের মেয়ে। তারা দুজনই স্থানীয় মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) সকালে পরিবারের সদস্যদের অগোচরে তানহা ও মাহা বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায়। ধারণা করা হচ্ছে, পুকুরের পিচ্ছিল ঘাটে পা পিছলে প্রথমে একজন পানিতে পড়ে ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে অপর শিশুটিও পানিতে ডুবে যায়। একপর্যায়ে দুজনই নিখোঁজ হয়।
পরে পরিবারের সদস্যরা তাদের বাড়িতে ও আশপাশে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে দুজনকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন স্বজনরা। পরে দ্রুত তাদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
