Published on
:
1 min read
এই সময়, বলরামপুর: ছাইয়ের স্তূপ ঘেঁটে কয়লা কুড়াতে গিয়েছিলেন। সেই ছাইগাদা ধসে মৃত্যু হলো এক যুবতীর, আহত হয়েছে এক কিশোরী। পুলিশ জানিয়েছে, মৃত যুবতীর নাম পূজা মাঝি (২৫) এবং আহত কিশোরীর নাম ভাগ্য সিং সর্দার। রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বলরামপুর থানা এলাকার বেড়মায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় একটি স্পঞ্জ আয়রন কারখানা রয়েছে। কারখানাটির বাইরে রাস্তার ধারে ফেলে রাখা ছাইয়ের স্তূপে মাঝেমধ্যেই কয়লা কুড়াতে যান স্থানীয় কিছু গরিব মহিলা। এ দিনও বলরামপুরের বিধান কলোনির কিছু মহিলা সেখানে কয়লা কুড়াতে গিয়েছিলেন। তখনই আচমকা ধস নামলে পূজা ও ভাগ্য ছাইয়ের নীচে চাপা পড়েন। ওই কলোনিরই বাসিন্দা দুলালি মাঝি বললেন, ‘আমরা জনা কয়েক রাস্তার পাশে ওই ছাইয়ের স্তূপ থেকে কয়লা কুড়াচ্ছিলাম। হঠাৎ ধসে দু’জন চাপা পড়ে গেল।’ তিনি জানান, তাঁরাই ছাইগাদা সরিয়ে পূজা ও ভাগ্যকে উদ্ধারের চেষ্টা করেন। পুলিশকেও খবর দেওয়া হয়।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে স্থানীয় বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পূজাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, আহত কিশোরীকে ওই গ্রামীণ হাসপাতাল থেকে পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
