কুমিল্লার চৌদ্দগ্রামের ফুলের নাওড়ী ও নাঙ্গলকোটের হুগলি এলাকায় ডাকাতিয়া নদীর ওপর সেতু না থাকায় দুই পাড়ের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হচ্ছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে এই ভোগান্তি ও নিরাপত্তা ঝুঁকি আরো বৃদ্ধি পায়। দীর্ঘদিনেও সরকারি কোনো উদ্যোগ না পাওয়ায় যাতায়াতের কষ্ট লাঘবে সম্প্রতি এলাকাবাসী নিজস্ব অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো নির্মাণ শুরু করেছেন। ফুলের নাওড়ী গ্রামের এয়াকুব মজুমদার ও নাজমুল হোসেন এবং হুগলি এলাকার আবদুল মান্নান ও অলি আহমেদসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা এই কাজে নেতৃত্ব দিচ্ছেন।
স্থানীয় অভিভাবক আবুল কাশেম ও বেলাল হোসেন জানান, এখানে একটি স্থায়ী সেতু নির্মিত হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি এলাকার যোগাযোগব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। তারা দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
বিজ্ঞাপন
সাঁকো নির্মাণের উদ্যোক্তা এয়াকুব মজুমদার বলেন, ‘সবার ছোট ছোট সহযোগিতায় আমরা এই সাঁকোটি তৈরি করছি, যেন কোমলমতি শিশু ও সাধারণ মানুষের পথচলা কিছুটা সহজ হয়।’
ফুলের নাওড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ‘নদীর ওপার থেকে অনেক শিক্ষার্থী কষ্ট করে আমাদের বিদ্যালয়ে আসে। সাময়িকভাবে বাঁশের সাঁকো দেওয়া হলেও, স্থায়ী সমাধানের জন্য সরকারি উদ্যোগে এখানে দ্রুত একটি ব্রিজ নির্মাণ করা জরুরি।’
