সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতি। ফলে অনেকটাই বন্ধ হয়ে গেছে সৌদির একাধিক বিমানবন্দর, হতাহত হয়েছেন বহু মানুষ। এমন পরিস্থিতির মধ্যে এবার আরেক বিপদেরে সম্মুখীন দেশটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গালফ নিউজের খবরে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে শনিবার পর্যন্ত ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। তীব্র আবহাওয়ার সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া, টর্নেডো ও জলস্তম্ভ সৃষ্টির আশঙ্কাও রয়েছে।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানায়, দেশটির অধিকাংশ এলাকায় বিভিন্ন মাত্রার বজ্রঝড় অব্যাহত থাকতে পারে। এসব ঝড় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল নিম্নমুখী বায়ুপ্রবাহ, ধুলাবালি এবং বিপজ্জনক বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
সর্বশেষ আবহাওয়া পূর্বাভাসে বল হয়, জাজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, মদিনা, তাবুক, আল-জউফ, নর্দার্ন বর্ডারস, হাইল ও নাজরানের কিছু এলাকায় এবং রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের দক্ষিণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পবিত্র নগরী মক্কা ও তায়েফ, আল জুমুম, বাহরা, মাইসান, আদহাম ও আল আরদিয়াত এলাকায় শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এদিকে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেদ্দা, রাবিঘ ও খুলাইসে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। এছাড়া আল-লিথ ও আল-কুনফুদা এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া কেন্দ্র সতর্ক করে জানিয়েছে, বজ্রঝড়ের সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে প্রবল নিম্নমুখী বায়ুপ্রবাহ সৃষ্টি হতে পারে। এতে ধুলা ও বালু উড়ে দৃশ্যমানতা কমে যেতে পারে। প্রতিকূল আবহাওয়ার কারণে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং উপকূলীয় এলাকায় উঁচু ঢেউ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। যেসব এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত হবে, সেখানে টর্নেডো বা জলস্তম্ভও তৈরি হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রটি।
প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সৌদি আরবের কিছু এলাকায় আগামী সপ্তাহের শেষ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পূর্বাভাস ও সতর্কতা প্রকাশ করা হবে। জাতীয় আবহাওয়া কেন্দ্র বাসিন্দা ও গাড়িচালকদের সতর্ক থাকতে এবং তাদের ওয়েবসাইট, আনওয়া আবহাওয়া অ্যাপ ও যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের মাধ্যমে প্রকাশিত সরকারি পূর্বাভাস ও সতর্কবার্তা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
