দেশে ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৭ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে এক লাখ।
অন্যদিকে, হামের উপসর্গ নিয়েও বাড়ছে মৃত্যু ও হাসপাতালে রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন ১ হাজার ২১৩ জন। চলতি বছর হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭০ জনে। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন। এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৩৭১ জনে।
তাদের মধ্যে ২২ হাজার ৭১২ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি এবং হামের উপসর্গ নিয়ে বিপুলসংখ্যক রোগীর হাসপাতালে আসার ঘটনায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। দুই রোগের ক্ষেত্রেই আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ, যথাযথ চিকিৎসা এবং রোগের বিস্তার ঠেকাতে কার্যকর পদক্ষেপের গুরুত্ব আরো বেড়েছে।
বিআলো/অর্নব