ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে আগামীকাল সোমবার (১২ অক্টোবর) সভায় বসবে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।
ইসির উপসচিব মো. শাহ্ আলম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
সভার আলোচ্যসূচিতে রয়েছে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন নিয়ে আলোচনা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নির্ধারণ এবং পার্সোনালাইজেশন সেন্টারে থাকা যন্ত্রপাতির অবস্থা, রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ ও নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।
এ ছাড়া জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ বিষয়ও সভার আলোচ্যসূচিতে রয়েছে।
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবারের কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হবে।
তিনি বলেন, সভায় ইউপি নির্বাচন কতটি ধাপে হবে এবং কোন কোন তারিখে অনুষ্ঠিত হবে, তা চূড়ান্ত করে ঘোষণা করা হবে।
তিনি আরও জানান, ইউপি নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে না। মাঠপর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। কমিশন শুধু নির্বাচনের ধাপগুলো নির্ধারণ করে দেবে। প্রাথমিকভাবে যে সময়সীমার মধ্যে নির্বাচন শেষ করার পরিকল্পনা করা হয়েছিল, সেই সময়ের মধ্যেই সব ধাপের নির্বাচন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
