খুলনা গেজেট অক্টোবর ১৫, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারণ, স্মার্ট গ্রিড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা এবং ডিপিডিসি নেটওয়ার্ক উন্নয়নে দ্রুত অর্থায়নের বিষয়ে চীনের এক্সিম ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
মন্ত্রী বলেন, স্থিতিশীল বিদ্যুৎ ও জ্বালানি হলো জাতীয় উন্নয়ন ও প্রবৃদ্ধির মূল ভিত্তি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) চায়না এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট ওয়াং চুনইংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বিদ্যুৎ খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এ সময় ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর চেয়ারম্যান আশিক চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম এবং বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, পাওয়ার গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্প এবং ডিপিডিসি এলাকায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পে অর্থায়নের বিষয়ে আলোচনা হয়। এছাড়া, ভবিষ্যতে বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্পে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়নের ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়।
নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০২৬-এর আওতায় বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানির দিকে রূপান্তরের কথা উল্লেখ করে বিদ্যুৎমন্ত্রী ব্যাংকটিকে ভবিষ্যতের অর্থায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান। বিশেষ করে স্মার্ট গ্রিড তৈরির লক্ষ্যে জাতীয় গ্রিড নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকায়ন, পায়রা বিদ্যুৎ কেন্দ্রের পরবর্তী পর্যায়ের সম্প্রসারণ এবং ডিপিডিসি সঞ্চালন লাইন শক্তিশালী করার ক্ষেত্রে তিনি এই সহায়তা প্রত্যাশা করেন। এছাড়া, তিনি চায়না এক্সিম ব্যাংকের প্রেসিডেন্টকে বাংলাদেশে ব্যাংকটির অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প এলাকাগুলো পরিদর্শনের আমন্ত্রণ জানান।
ওয়াং চুনইং বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে ব্যাংকটির অব্যাহত সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। তিনি সবুজ জ্বালানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বিনিয়োগবান্ধব শুল্ক ও কর হ্রাসের পদক্ষেপকে স্বাগত জানান। তিনি গ্রাউন্ড-মাউন্টেড ও ভাসমান সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন প্রকল্পে অর্থায়ন ও কারিগরি সহায়তা প্রদানের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।
খুলনা গেজেট/উউরা
