গ্রামীণ ব্যাংক এইমস ইউনিট ফান্ডের ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা
দেশ প্রতিক্ষণ, ঢাকা: বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড গ্রামীণ ব্যাংক এইমস ফার্স্ট ইউনিট ফান্ডের ইউনিটধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ফান্ডের ইউনিটধারীদেরকে ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সর্বশেষ বছরে ফান্ডটির ইউনিট প্রতি প্রভিশন পরবর্তী আয় (ইপিইউ) হয়েছে ৭০ পয়সা । আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি ক্যাশ ফ্লো ছিল ৬৮ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ক্রয়মূল্যে প্রতি ইউনিটের সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৮০ পয়সা, যা বাজারমূল্যে ১০ টাকা ৭৫ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর তারিখে যাদের কাছে গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ইউনিট ফান্ডের ইউনিট ছিল, তারা ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে দেশে বেসরকারি খাতের প্রথম সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এর ট্রাস্টির দায়িত্ব পালন করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।


