
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলায় মাদক, অবৈধ করাতকল ও এলপিজি বিক্রির বিরুদ্ধে দুই দিনব্যাপী অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। ১২ ও ১৩ অক্টোবর পরিচালিত এসব অভিযানে পাঁচটি মামলা করা হয়েছে। পাশাপাশি ৩১ হাজার টাকা জরিমানা এবং মাদক মামলায় তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১২ অক্টোবর সদর উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুজনকে ১৫ দিন করে কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করা হয়। একই দিন মঙ্গলকাটায় লাইসেন্সবিহীন একটি করাতকলের যন্ত্রাংশ জব্দ করে সেটি বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় বন বিভাগকে মামলা করার নির্দেশ দেওয়া হয়।
১৩ অক্টোবর এলপিজি বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে দুটি মামলায় ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন তেঘরিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে একজনকে ২০ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। অভিযানগুলোতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
