কুমিল্লায় যুবদল নেতা মো. কাউসারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ছত্রখিল এলাকায় তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
পরবর্তীকালে চিকিৎসার জন্য কুমিল্লার ট্রমা সেন্টারে ভর্তি করা হলে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় তার মৃত্যু হয়।
নিহত আবু কাউসার কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি কবির হোসেনের ছোট ভাই। তিনি নিজেও নগরীর ৪নং ওয়ার্ড যুবদলের নেতা। তাদের বাড়ি একই ওয়ার্ডের কাপ্তান বাজার এলাকায়।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, এই ঘটনার খবর পেয়েছি। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কী কারণে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমাদের একাধিক টিম কাজ করছে মাঠে।
