বিশ্ব ডাক দিবস ২০২৬ ও ডাক সেবা সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজন করা হয়েছে ‘চিঠি উৎসব ও স্ট্যাম্প বিক্রয় কার্যক্রম’।
সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-ডাকঘর চত্বরে ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এ কার্যক্রমের মাধ্যমে মাত্র ১৭ টাকায় চিঠি পাঠাতে পারবেন আগ্রহীরা। ১৫৩তম ডাক দিবসের এবারের স্লোগান ছিল ‘POSTAL NETWORK INFINITE POSSIBILITIES.’
চট্টগ্রাম পূর্বাঞ্চল সার্কেলের অতিরিক্ত পোস্টমাস্টার মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘আমরা ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ডাক সেবা সপ্তাহ পালন করছি। আমাদের গৌরবগাথা ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন। যোগাযোগের মাধ্যম যত বেড়েছে, মানুষ ততই ডাক বিভাগের দিক থেকে দূরে সরে গেছে। একসময় কারও সন্তান বিদেশে চলে গেলে পরিবারের সদস্যরা পোস্টম্যানের অপেক্ষায় থাকতেন কখন তিনি আসবেন। এটি ছিল আবেগের বিষয়। ডাক বিভাগকে পরিবর্তনের মাধ্যমে জনগণের সঙ্গে আমাদের যে সম্পৃক্ততা, তা তুলে ধরার চেষ্টা করছি।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকে চিঠি নিয়ে কবিতা পড়েছি। এখন চিঠির ব্যবহার অনেকটা হারিয়ে গেছে। তবে চিঠি হারিয়ে যায়নি, মাধ্যম পরিবর্তন হয়েছে। চিঠির কাজ এখন ফোন, ই-মেইলসহ বিভিন্ন মাধ্যমে হচ্ছে। তবে দাপ্তরিক কাজে চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে।’
তিনি আরও বলেন, ‘আগে যোগাযোগের জন্য চিঠির ওপর নির্ভর করতে হতো। তবে বর্তমান যুগের সঙ্গে সমন্বয় করে কীভাবে সেবা দেওয়া যায়, তা ভাবতে হবে। সমাজের পরিবর্তনের সঙ্গে ডাক বিভাগকে নিজেদের সেবাও সাজাতে হবে। আমাদের চিঠিপত্র ঠিকভাবে পৌঁছায় না, বিশেষ করে স্থানীয় পর্যায়ে এ সমস্যা দেখা যায়। এ বিষয়ে যত্নবান হওয়া দরকার। আপনারা কী কী সেবা দিচ্ছেন, তা-ও জনগণকে জানান।’
