নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদ্রাসার সহকারী শিক্ষকদের মতো বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত সহকারী শিক্ষকদেরও প্রথম এমপিওভুক্তির সময়কাল গণনা করে প্রথম উচ্চতর গ্রেড দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো)। এ ক্ষেত্রে মাদ্রাসার এমপিও নীতিমালা-২০২৬-এর ১১.৫ অনুচ্ছেদের সঙ্গে মাধ্যমিক বিদ্যালয়ের এমপিও নীতিমালার সামঞ্জস্য আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাবেশিকফোর সভাপতি মো. মাইন উদ্দীন বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি, আগামী দুই মাসের মধ্যে আমাদের ন্যায্য দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আমরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করব।’
তিনি বলেন, ‘আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। এটি দেশের মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত সহকারী শিক্ষকদের ন্যায্য অধিকার।’
মাইন উদ্দীন আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থার শিক্ষক-কর্মচারীদের উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে এ ধরনের বৈষম্য কাম্য নয়। একজন শিক্ষক দীর্ঘদিন একই শিক্ষা ব্যবস্থায় দায়িত্ব পালনের পরও শুধু স্কুল ও মাদ্রাসার ভিন্ন নীতিমালার কারণে ন্যায্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন না। এ ধরনের বৈষম্য শিক্ষকদের মধ্যে হতাশা সৃষ্টি করছে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে আরও ছয়টি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, মাধ্যমিক বিদ্যালয়ের এমপিও নীতিমালার ১১.৭ অনুচ্ছেদ সংশোধন করে মাদ্রাসার এমপিও নীতিমালার ১১.৫ অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্য আনা এবং মাদ্রাসার সহকারী শিক্ষকদের মতো মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত সহকারী শিক্ষকদেরও এমপিওভুক্তির সময়কাল গণনা করে প্রথম উচ্চতর গ্রেড দেওয়ার ব্যবস্থা করা।
এ ছাড়া বিএড ডিগ্রির কারণে কোনো শিক্ষক যেন আর্থিক বৈষম্যের শিকার না হন, সে জন্য এমপিওভুক্তির তারিখ থেকে অভিজ্ঞতা গণনা করে প্রথম উচ্চতর গ্রেড নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে ন্যায্য ও অভিন্ন নীতিমালা প্রণয়নের আহ্বান জানায় সংগঠনটি।
সংগঠনটির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে স্কেল-২০২৬ প্রাপ্তির লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম দ্রুত শুরু করা; পে স্কেল অনুযায়ী পূর্ণাঙ্গ বাড়িভাড়া ও বর্ধিত চিকিৎসা ভাতা নিশ্চিত করা এবং আগামী ঈদুল ফিতরে পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেওয়া।
সংবাদ সম্মেলন ও আলোচনা সভায় বাবেশিকফোর নির্বাহী মহাসচিব মো. জহিরুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি মো. আতিকুর রহমান তালুকদার, সহসভাপতি মো. শামীমসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

