সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয় একটি পক্ষের আপত্তি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। ৫ অক্টোবর দিরাই উপজেলা স্টেডিয়ামে স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ও সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ম্যাচটি দ্রুত আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। রোববার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, মেয়েদের খেলাধুলায় বাধা সৃষ্টি করা হলে তারা এর প্রতিবাদ করবেন এবং খেলোয়াড়দের পাশে দাঁড়াবেন।
স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের কোচ রাকিব ভূঁইয়া জানান, ম্যাচ আয়োজনের বিষয়ে তিনি স্থানীয় প্রশাসনকে অবহিত করেছিলেন। তবে ৪ অক্টোবর রাতে একটি পক্ষের আপত্তির কথা তাকে জানানো হয়। পরদিন প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকার কথা জানানো হয় বলে দাবি করেন তিনি। খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার কারণে শেষ পর্যন্ত ম্যাচটি আয়োজন করা সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক সাবানা আক্তার বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে হাওরাঞ্চলের মেয়েরা ফুটবল খেলছেন। এ ধরনের পরিস্থিতিতে তাদের খেলাধুলা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।
