ডিজিটাল মাধ্যমে প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে আবু হুরায়রা খালেদ রাশেদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নাটোর জেলা পুলিশ। আজ শনিবার দুপুরে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার শরীফুল হক।
পুলিশ সুপার জানান, রাশেদের বাড়ি জেলার সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া গ্রামে। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিবর্গ, সরকারি চাকরিজীবী ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করে নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।
পুলিশ সুপার শরীফুল হক বলেন, গত ১৯ অক্টোবর বিকেল সোয়া ৩টার দিকে আবু হুরায়রা খালেদ রাশেদ (৩০) তার নিজ বাড়ি থেকে ভুক্তভোগী মো. কাদের গনি চৌধুরীর ব্যবহৃত মুঠোফোন নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় দিয়ে বিএনপির মনোনীত রাজনৈতিক পদে পদায়নের জন্য একটি ফরম পূরণের কথা বলে তাঁর কাছ থেকে টাকা আদায় করে। অপর এক ব্যক্তি ব্যারিস্টার নাসিরউদ্দিনকেও একই পরিচয়ে তাঁকে রাজনৈতিক পদে পদায়নের জন্য অনলাইনে একটি ফরম পূরণ করার কথা বলে টাকা দাবি করে।
পুলিশ সুপার শরীফুল হক বলেন, বিষয়টি একপর্যায়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের গোচরীভূত হয়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নাটোর জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযান পরিচালনা করে আবু হুরায়রা খালেদ রাশেদকে সিংড়ায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার বলেন, এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন ও প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। আসামি রাশেদ গত ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ বেতার রংপুরে রেডিও টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। রংপুরে অবস্থানকালে একই রকম প্রতারণার মামলায় সাময়িক বরখাস্ত হয়। প্রতারক চক্রের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
