মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ’ বিক্ষোভে উত্তপ্ত রাজধানী। দিন দুয়েক আগেই রাস্তা আটকে জমায়েত করে এহেন বিক্ষোভসূচিকে ‘গণতন্ত্রের হত্যা’ বলে কটাক্ষ করেছিলেন রণবীর শোরে। প্রশ্ন তুলেছিলেন, তাদের আন্দোলনের গতিবিধি নিয়েও। তার পর থেকেই খুনের হুমকি পাচ্ছেন বলিউড অভিনেতা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে, এবার বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হতে হল অপর্ণা সেনের প্রাক্তন জামাইকে।
“সংসদে গিয়ে কিংবা নির্বাচনে নিজেদের শক্তিপ্রদর্শন করুন, রাস্তায় নয়। আর যদি সেটাও ভরসাস্থল না হয় তাহলে আদালতের দ্বারস্থ হন। এটাই গণতান্ত্রিক পদ্ধতি।…”
রণবীর শোরের চোখে ‘ককরোচ’দের বিক্ষোভ ‘গণতন্ত্রের হত্যা’ ব্যতীত আর কিছুই নয়। কেন? অভিনেতার যুক্তি, রাস্তা আটকে নয় সংসদে গিয়ে আন্দোলন করা উচিত বিক্ষোভকারীদের। উল্লেখ্য, গত শনিবার অভিজিৎ দীপকে-সহ আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পুলিশি ধরপাকড়ের পর দেশের জনসাধারণকে রাস্তায় নেমে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন ‘ককরোচ’ শীর্ষ নেতৃত্বরা। এক্স হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ার করেই একপ্রকার ‘শাসানি’ দেন রণবীর শোরে! তিনি বলেন, ‘সংসদে গিয়ে কিংবা নির্বাচনে নিজেদের শক্তিপ্রদর্শন করুন, রাস্তায় নয়। আর যদি সেটাও ভরসাস্থল না হয় তাহলে আদালতের দ্বারস্থ হন। এটাই গণতান্ত্রিক পদ্ধতি। রাস্তাঘাট দখল করে সাধারণ মানুষের অসুবিধা করে, দেশের আইনশৃঙ্খলা অচল করে রাখাটা আসলে গণতন্ত্রের হত্যা।’ সোশাল মিডিয়ায় এহেন কড়া কথার পর থেকেই সমালোচিত হতে হচ্ছে রণবীরকে। এবার অভিনেতার দাবি, রাজ পরিহার নামে জনৈক ব্যক্তি ইমেলে অশালীন ভাষা ব্যবহার করে তাঁকে খুনের হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, ওই ব্যক্তি নাকি অভিনেতাকে এও জানিয়েছেন যে, তিনি রণবীরের যাবতীয় গতিবিধির উপর নজর রাখছেন সর্বক্ষণ। এরপরই সাইবার সেলে অভিযোগ দায়ের করেন অপর্ণা সেনের প্রাক্তন জামাই।
অভিনেতার অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি সাড়া দিয়েছে মুম্বই পুলিশও।
এক্স হ্যান্ডেলে গোটা ঘটনার বর্ণনা দিয়ে ‘সাইবার দোস্ত’ এবং ‘মহারাষ্ট্র সাইবার’কে ট্যাগ করে রণবীর শোরের আর্জি, ‘এই দুটি ইমেল অ্যাকাউন্ট থেকে আমি যে হুমকিগুলো পেয়েছি, দয়া করে এগুলো একটু দেখুন।’ অভিনেতার অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি সাড়া দিয়েছে মুম্বই পুলিশও। সাইবার সেলের তরফে গোটা ঘটনাটা বিশদে জানতে চাওয়া হয়েছে রণবীরকে। এরপরই থানায় এফআইআর দায়ের করে আসেন কঙ্কণা সেনশর্মার প্রাক্তন স্বামী তথা অভিনেতা।
