মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তা বিঘ্নিত হওয়া ও হামলার ঘটনার জেরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় সৌদি আরবে আটকে পড়েছেন প্রায় চার হাজার ভারতীয় ওমরাহযাত্রী। মক্কা ও মদিনায় আটকে পড়াদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও ট্যুর অপারেটরদের সঙ্গে কাজ করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পর ফ্লাইট সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। এর ফলে ইন্ডিগো, আকাসা এয়ার এবং এয়ার ইন্ডিয়ার বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েন ভারতীয় ওমরাহযাত্রীরা।
বিষয়টি প্রথমে প্রকাশ্যে এনে ভারতের অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান ও সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি জানান, মক্কা ও মদিনায় প্রায় চার হাজার ভারতীয় নাগরিক আটকা পড়ে আছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেসামরিক বিমান পরিবহণ অধিদপ্তরকে বড় বিমান পরিচালনার অনুমতি দেওয়া কিংবা তীর্থযাত্রীদের ফেরাতে বিশেষ ফ্লাইট চালুর অনুরোধ জানান।
এই পরিস্থিতির প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদস্থ ভারতীয় দূতাবাস এবং জেদ্দাস্থ কনস্যুলেট সংশ্লিষ্ট এয়ারলাইনস ও ট্যুর অপারেটরদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে আটকে পড়া যাত্রীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। গত এক সপ্তাহে উপলব্ধ ফ্লাইটের মাধ্যমে প্রায় তিন হাজার ওমরাহযাত্রী নিরাপদে দেশে ফিরেছেন। এছাড়া এর আগে নিয়মিত শিডিউলের ফ্লাইটে দশ হাজারের বেশি ওমরাহযাত্রী দেশে ফিরে এসেছিলেন।
সৌদি আরবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সহায়তা দিতে ভারতীয় মিশনের পক্ষ থেকে জরুরি কন্ট্রোল রুমের হটলাইন নম্বরও চালু করা হয়েছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতির কারণে বিমান চলাচলের এই বিঘ্নতা নিয়ে ওমরাহযাত্রী ও তাদের পরিবারের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।
