স্টাফ রিপোর্টার।।
খুলনায় সড়ক দুর্ঘটনায় মো. আলভী (১৭) নামে এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার মধ্যরাত ১টার দিকে নগরীর জোড়াগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলভী নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের বাবুল আক্তারের ছেলে। তিনি নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।
স্থানীয়দের বরাতে সোনাডাঙ্গা মডেল থানার এএসআই মিরাজ জানান, মধ্যরাতে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলেন আলভী। জোড়াগেট এলাকায় পৌঁছালে রাস্তার পাশের একটি ইটের দেয়ালে ধাক্কা খায় মোটরসাইকেলটি। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পুলিশ সদস্যরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এএসআই মিরাজ জানিয়েছেন, দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
