কক্সবাজারের চকরিয়া পৌরসভায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সৃষ্ট সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় বিএনপি নেতা। কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নেতৃত্বে এ হামলা হয় বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে চকরিয়া পৌরসভার বেলালের দোকান এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার হয়েছেন চকরিয়া পৌরসভা ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নয়ন। তিনি উত্তর কাহারিয়াঘোন খন্দকার পাড়া এলাকার মৃত নুরুল আমিনের ছেলে।
জানা গেছে, একই ওর্য়াডের যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেনের নেতৃত্বে তার অনুসারীরা এ হামলা চালায়।
স্থানীয় সূত্র বলছে, এলাকায় দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে মোহাম্মদ নয়ন পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান। এ সময় যুবলীগ নেতা আলী হোসেনের নেতৃত্বে একদল লোক হঠাৎ মোহাম্মদ নয়নের ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন।
হামলায় গুরুতর আহত বিএনপি নেতা মোহাম্মদ নয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, আমি কোনো পক্ষের লোক নই। দু’পক্ষের সংঘর্ষ থামাতে এবং পাড়ার পরিবেশ শান্ত রাখতে মানবিক কারণে আমি এগিয়ে গিয়েছিলাম। কিন্তু যুবলীগ নেতা আলী হোসেন আমার ওপর অতর্কিত হামলা চালায়। আমি এই হামলার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আলী হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ফলে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, চকরিয়া পৌরসভা এলাকায় মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে।
