Published on
:
1 min read
এই সময়: আজ, শনিবার ভারতে পা রাখতে চলেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো। চলতি বছরে এটা তাঁর দ্বিতীয় ভারত সফর হতে চলেছে। গত বৃহস্পতিবারই কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী ঘোষণা করেন, ইউএসএ-র সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির প্রথম দফা চূড়ান্ত হয়ে গিয়েছে। পাশাপাশি, আইনি খসড়া তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। তার ৪৮ ঘণ্টার মধ্যেই মুম্বইয়ে আসছেন মার্কো রুবিয়ো। যা দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে বলে মত বিশেষজ্ঞদের একাংশের।
এরই মধ্যে শুক্রবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক ঘোষণা করেছে, আগামী ২০ অক্টোবর কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রুবিয়োর সঙ্গে বৈঠক করবেন। যেখানে জ্বালানি-সহ একাধিক বিষয় উঠে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার তিনি জানিয়েছেন, এই বৈঠকে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের ‘উষ্ণতা’ আরও বাড়ানোর সুযোগ রয়েছে। বিশ্ববাজারে দু’দেশের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং সহযোগিতা নিয়ে আলোচনা হতে চলেছে। পাশাপাশি, জ্বালানি ক্ষেত্রে জটিলতা এবং ভূ-রাজনৈতিক বিষয়গুলি নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।
অন্য দিকে, এই সফরে গুজরাটের জামনগরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়-এর কর্তাদের সঙ্গেও মার্কিন বিদেশ সচিবের বৈঠকের কথা রয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে এ বিষয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানিয়েছেন, তাঁর ধারণা, ওই বৈঠকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়-এর কর্ণধার মুকেশ আম্বানিও উপস্থিত থাকবেন।
